চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকায় আম নিয়ে যেতে চালু এ রুটে চালু হলো ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। সোমবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে বিশেষ এই ট্রেনটির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, আমের মৌসুমকে কেন্দ্র করে গত কয়েকবছরের মত এবারও ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হলো। কিন্তু সব সময়ই যেন এ অঞ্চল থেকে কৃষিপণ্য পরিবহনের জন্য একটি মালবাহী ট্রেন চলে, সেই চেষ্টা আমরা করে আসছি। এতে রাজশাহীর মানুষ উপকৃত হবে। আশা করছি, এই ট্রেনও চালু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তা এবং রেল শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেনটি আম নিয়ে ছেড়ে আসে। আম ছাড়াও শাক-সবজি, দেশীয় ফলমূল ও ডিমসহ পার্শ্বেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে এই ট্রেনে। ট্রেনটিতে বগি আছে আটটি। প্রতিদিন রহনপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে বিকাল ৪টায়। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে।
এই ট্রেনে রহনপুর থেকে প্রতিকেজি আম নেওয়া যাবে এক টাকা ৩১ পয়সায়। আর রাজশাহী, আড়ানী, সারদা ও আব্দুলপুর থেকে ভাড়া পড়বে এক টাকা ১৭ পয়সা। গত কয়েকবছর ধরেই আমের মৌসুমে কিছু দিনের জন্য ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু করা হয়। ট্রেনটিতে রেলওয়ের আইনে পার্শ্বেল মালামাল হিসেবে গণ্য অন্যান্য জিনিসপত্রও বহন করা যায়।

নিজস্ব প্রতিবেদক: 
























