পরাজয় হবে তা তো কিছুটা ধারনা করাই ছিল। তৃতীয় দিনই ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। আজ রবিবার (১৯ জুন) চতুর্থ দিনসহ তাদের হাতে ছিল আরো দুই দিন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। দিনের শুরুতেই মাঠে নেমে মাত্র ৭ ওভার খেলেছেন ক্যারিবীয় দুই অপরাজিত ব্যাটার। তাতেই আর কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। খালেদ আহমেদ আগেরদিন যেভাবে আতঙ্ক ছড়াতে পেরেছিলেন ক্যারিবীয় শিবিরে, সেটা আজ আর পারেননি।
চতুর্থ ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিন শেষ বিকেলে ৯ রান তুলতেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচকে কিছুটা জমিয়ে তুলেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। কিন্তু জন ক্যাম্পবেল আর জার্মেইন ব্ল্যাকউড মিলে খালেদ আমহেদের সেই অপ্রতিরোধ্য গতি থামিয়ে দিয়েছিলেন। ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেন। জয়ের জন্য বাকি ৩৫ রান আজ মাঠে নেমে মাত্র ৭ ওভার খেলেই তুলে নেন তারা দু’জন।টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ক্যারিবীয়দের অলআউট করে ২৬৫ রানে। এতে মাথায় ওপর ১৬২ রানের লিড দাঁড়ায়। এই রান শোধ দিয়ে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের লিড বাংলাদেশের। নিজেরা করে ২৪৫ রান। ফলে ক্যারিবীয়দের সামনে ৮৪ রানের লক্ষ্য দাঁড়ায়। ৩ উইকেট হারিয়ে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে তারা। এতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























