দেশে নতুন ৬০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৪ জন এবং ঢাকার বাইরে ছয়জন। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
এর আগের ২৪ ঘণ্টায় ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকার ৩০ জন এবং ঢাকার বাইরে একজন রোগী ছিল। এখন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ১৭৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৪৪ জন রোগী ভর্তি আছে।
চলতি বছর জুনে সর্বোচ্চসংখ্যক ৭৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। তবে জুলাই মাসের ১৬ দিনেই পাঁচ শতাধিক ছাড়িয়েছে রোগীর সংখ্যা। এ মাসে ৫৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বছর জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ৬৭০। এর মধ্যে ঢাকায় ভর্তি হয় এক হাজার ৪৫৬ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয় ২১৪ জন। এর মধ্যে এক হাজার ৪৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর একজন মারা গেছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে ১০৫ জন ডেঙ্গুতে মারা যায়। এ সময় ২৮ হাজার ২৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সুত্রঃ কালের কণ্ঠ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























