করোনার মধ্যে নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুর বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাইয়ের ২৫ দিনে যে সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, তা গত ছয় মাসের চেয়ে বেশি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয় ১ হাজার ৮৯ জনের দেহে। আর জুলাইয়ের ২৫ দিনে শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৬০ জন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সাতজনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ৪০ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ২০ জন।
চলতি বছর দেশে এ নিয়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ২০৬ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৭৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন ২১২ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার গণমাধ্যমকে বলেন, আগস্ট ও সেপ্টেম্বরে রোগী আরও বেড়ে যাবে। শহরের বাসিন্দারা ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ায় ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























