আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস।
ছাত্রলীগকে নিয়ে অতীতে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সেই ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে চলছে ছাত্রলীগ। তিনি বলেন, অতীতের গৌরব বজায় রেখে শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রলীগ কাজ করে যাবে। ছাত্রলীগের নেতাকর্মীদের পড়ালেখা করতে হবে, জানতে হবে। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাবির সাবাস বাংলাদেশ মাঠে ছাত্রলীগের এই সম্মেলনের আয়োজন করা হয়। রাসিক মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এটি এরই মধ্যে অনেক দেশের ঈর্ষার কারণ হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।
এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দেবেন, তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন এলে তারেক জিয়া লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করেন। প্রতিটি আসনে একাধিক প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেন। একজন মনোনয়ন পান, বাকিদের টাকা আর ফেরত দেওয়া হয় না। আর সেই টাকা দিয়ে লন্ডনে রাজার হালে থাকেন তারেক জিয়া। আমাদের দেশের নির্বাচন আমরা করবো। কাউকে জিতিয়ে দিয়ে নির্বাচন অংশগ্রহণমূলক ও অর্থবহ হয়েছে বলে প্রমাণ করতে হবে- এটি মামার বাড়ি আবদার ছাড়া আর কিছুই নয়। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। অতিথি ছিলেন- ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সম্মেলনে সভাপতিত্ব করেন রাবি ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া। সঞ্চালনা করেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। ডেইলি-বাংলাদেশ

রিপোর্টারের নাম 
























