পরিকল্পিতভাবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কারা কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে।
বুধবার (২২ মে) দুপুর দেড়টার দিকে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রী।
এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আটক তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আসাদুজ্জামান খান বলেন, এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। খুনের মোটিভ, কারা খুন করেছেন-এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে। যারা খুনের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল আমরা পরে সেগুলো প্রকাশ করব।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে যেসব তথ্য আছে তদন্তের স্বার্থে আমরা এখনই তা প্রকাশ করছি না। তদন্ত শেষ হলে খুনের কারণ জানা যাবে।
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘মরদেহ আমাদের হাতে আসেনি। দুই দেশের পুলিশ তদন্ত করছে। ভারতের পুলিশ আমাদের জানিয়েছে যে তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত।’
মন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশের কাছে এখন তিনজন গ্রেফতার আছে। আরও কয়েকজনকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব তথ্য আছে আমরা সেগুলো প্রকাশ করছি না।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মন্ত্রী বলেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না। বাংলাদেশিরা খুন করেছে। সেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে।
তিনি বলেন, আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না।
এর আগে এমপি আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। কোনো নিশ্চিত তথ্য না থাকায় তারা তখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। বুধবার (২২ মে) নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন নামে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

রিপোর্টারের নাম 
























