ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইটগুলো চলাচল করবে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবি ও বুধবার ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যেকোনো সেলস অফিস, কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই রুটের টিকেট সংগ্রহ করা যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ঢাকা থেকে কলকাতা রুটে সম্প্রতি কেনা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই এয়ারক্রাফটের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের এয়ারলাইন্সগুলোকে ভারতে যাওয়ার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক জানায়, ভারতের সংগে এয়ার বাবল চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে সপ্তাহে দুইটি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট ভারত যাবে।
উল্লেখ্য, করোনা’র দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি বছরের এপ্রিল থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছিলো।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























