নিজের বাবা-মাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন- মাকে নিয়ে এরকম আবেগঘন একটি স্ট্যাটাস দেয়ার ত্রিশ মিনিট পরই মৃত্যু হয়েছে সন্তান মুজাহিদুল ইসলাম সজিবের। মুজাহিদুল ইসলাম সজিব গাজিপুরের ইসলাম গ্রুপের ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) মার্চেন্ট এজিএম হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সজীবের দুলা ভাই মোনায়েম খান লিটু।
আজ সোমবার বেলা তিনটার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তিনি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু আবদুর রশীদ মিয়ার ছোট ছেলে।
ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) এর ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ জানান, ডেস্কে কাজ করার একপর্যায়ে বেলা তিনটার দিকে ওয়াশরুমে গিয়ে হাতমুখ ধুয়ে ফেরেন সজীব। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে গেলে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের মধ্যেই নামাজের স্থানে নিয়ে শোয়ানো হয়। অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ৩০ মিনিট আগে সজীব তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে তার মাকে নিয়ে যে স্ট্যাটাসটি দিয়েছিল তা হুবহু তুলে ধরা হলো।
‘দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যত কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেওয়া , বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে।

নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না। ’
এদিকে সজীবের মৃত্যু সংবাদ তার বাড়ি বরগুনার পাথরঘাটায় ছড়িয়ে পরলে তার পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























