চট্টগ্রামে ছেলেকে হত্যার অভিযোগে বাবা নুরের জাহান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের সুরমা থানার বাসস্ট্যান্ড ও একটি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৭।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান। এ সময় সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেনসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব অধিনায়ক বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরসরাইয়ে বাবা নুরের জাহানের ছুরির আঘাতে তার ছেলে শাহেদ মারা যান। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী কামরুজ্জাহান বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে সিলেট সুরমা থানার বাসস্ট্যান্ড থেকে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করি।
এ সময় তার স্ত্রী পরিচয় দেওয়া আনোয়ারা বেগমকে বাসস্ট্যান্ডসংলগ্ন হোটেল থেকে গ্রেপ্তার করি।’
মামলা সূত্রে জানা গেছে, নুরের জাহান দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে বিদেশে ছিলেন। গত ৭ থেকে ৮ বছর ধরে পরিবারের ভরণপোষণের খরচ বহন করতেন না। এ সময়ে অন্য নারীর সঙ্গে তার সম্পর্কের কথা লোকমুখে তারা জানতে পারেন।
সর্বশেষ গত ১৮ মে নুরের বিদেশ থেকে দেশ আসেন এবং স্ত্রী সন্তানদের সঙ্গে চট্টগ্রাম নগরের ভাড়া বাসায় ওঠেন। ১১ আগস্ট ছিল তাদের ছোট মেয়ের বিয়ে। সেই বিয়েতে আনোয়ারা বেগমকে নিজের বন্ধুর স্ত্রী পরিচয়ে নিয়ে হাজির হন তিনি। বিয়ে শেষে কোরআন ছুঁয়ে ওই ব্যক্তিকে তার বন্ধুর স্ত্রী পরিচয় দেন।
গত ১০ সেপ্টেম্বর শহর থেকে নুরের জাহান আনোয়ারা বেগমকে নিয়ে গ্রামের বাড়িতে ওঠেন।
প্রতিবেশীদের কাছে এই সংবাদ শুনে তার স্ত্রী কামরুজ্জাহান সন্তানদের নিয়ে বিকেলে গ্রামের বাড়িতে হাজির হন। তখন কথা-কাটাকাটির এক পর্যায়ে কামরুজ্জাহানকে আঘাত করতে তেড়ে আসেন তিনি। মায়ের ওপর আঘাত ঠেকাতে ছেলে শাহেদ এগিয়ে এলে তার শরীরে সেই ধারালো ছুরির আঘাত লাগে। তাৎক্ষণিক শাহেদ মাটিতে লুটিয়ে পড়লে আনোয়ারাকে নিয়ে নুরের এলাকা ত্যাগ করেন। পরে শাহেদকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার মো. নুরের জাহান ও আনোয়ারা বেগমকে মিরসরাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























