প্রকাশিত সময় :
০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
২০
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) মিয়ানমারের সংসদে অনুষ্ঠিত ভোটে ৫৮৪ ভোটের মধ্যে প্রয়োজনীয় ২৯৩ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সর্বশেষ সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়, যার নেতৃত্ব দেন ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং। এই অভ্যুত্থানের কারণে পশ্চিমা বিশ্বের অনেক দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
অভ্যুত্থানের পরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এতে হাজারো মানুষ প্রাণ হারায় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। সংঘাতের ফলে মিয়ানমারের শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এবং দেশের বড় একটি অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মিয়ানমারে ধাপে ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দলগুলোকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এতে সেনাবাহিনী-সমর্থিত একটি দল ভূমিধস বিজয় অর্জন করে। নির্বাচনের পর সোমবার (৩০ মার্চ) পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
নতুন পার্লামেন্টের প্রায় ৯০ শতাংশ সদস্য মিন অং হ্লাইংয়ের অনুগত। এর মধ্যে ২৫ শতাংশ আসন সরাসরি সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত ছিল, যেখানে কোনো নির্বাচন হয়নি। বাকি সদস্যরা সেনা-সমর্থিত দলের হয়ে নির্বাচিত হয়েছেন।
গত সোমবার পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পদে মিন অং হ্লাইংয়ের নাম প্রস্তাব করা হয়। একই সঙ্গে আরও দুইজন প্রার্থীর নামও উত্থাপন করা হয়। শুক্রবার সরাসরি ভোট গণনায় তিনি সহজেই প্রয়োজনীয় ভোট পেয়ে জয়লাভ করেন।