দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি থাকতে পারে।
আজ বুধবার বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার। সেদিন রাত ১০টা থেকে শুরু হয় মেরামত কাজ চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। মোট ৩ দিন ৮ ঘণ্টা চলবে এই রক্ষণাবেক্ষণ কাজ।
বিএসসিসিএল জানিয়েছে, মেরামতের কাজ চলাকালীন সাময়িকভাবে বন্ধ থাকবে সাবমেরিন ক্যাবলটি দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো। ফলে ইন্টারনেটে ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। তবে কুয়াকাটার এই লাইন বন্ধ থাকলেও যথারীতি চালু থাকবে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4)। ফলে সারা দেশ একেবারে বিচ্ছিন্ন না হলেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ইন্টারনেটের গতিতে।
এতে আরও বলা হয়েছে, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুতই সম্পন্ন করার চেষ্টা চলছে মেরামতকাজ। সঠিকভাবে মেরামত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই পুনরায় নিশ্চিত করা হবে স্বাভাবিক সেবা। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























