ফিফা বিশ্বকাপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার টুর্নামেন্টের ফাইনালেও মঞ্চে উঠতে যাচ্ছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হাফটাইম শোতে বিশ্বের আরো কয়েকজন শীর্ষ সংগীতশিল্পীর সঙ্গে পারফর্ম করবেন তিনি।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজনটি হবে সুপার বোল ধাঁচের হাফটাইম শো। ফিফা ও গ্লোবাল সিটিজেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন।
সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া সাক্ষাৎকারে শাকিরা জানান, এবারের হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’।
সেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লে-সংশ্লিষ্ট শিল্পীরা।
শাকিরা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি। আর এখন ফাইনালেও গান গাইব। আমাকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্সটা কিছুটা আলাদা ও অনন্য করা যায়।তিনি আরো বলেন, ‘এটি একটি যৌথ হাফটাইম শো হতে যাচ্ছে…। এটি সত্যিই ঐতিহাসিক হবে। পাঁচজন শিল্পী থাকছেন এখানে যারা আসলে আমি বাদে বাকি চারজন অসাধারণ শিল্পী। সেখানে থাকবেন ম্যাডোনা, বিটিএস, বিবার ও কোল্ডপ্লে।’
পারফরম্যান্স নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা বলেন, ‘আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে, তা ঠিক করব।
তবে সত্যি বলতে আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতূহলী। আপনাদের মনে এখন ঠিক যতটা কৌতূহল কাজ করছে, ঠিক ততটাই আমার মনেও।’
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালে পূর্ণাঙ্গ হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী মেলবন্ধনকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























