দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে থাকা ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা। তবে এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাব অনুমোদিত হলে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
ওই কর্মকর্তা আরও জানান, ২২ অক্টোবরের ছুটির বিপরীতে পরবর্তী কোনো একটি ছুটির দিনে, অর্থাৎ শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হতে পারে। এভাবে ছুটির প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন করবে মন্ত্রিসভা।
২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

রিপোর্টারের নাম 





















