প্রতিবারের মতো এ বছরও আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা জানানো হবে। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হবে। আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ ) সকাল ১১ টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। প্রধান অতিথি ৫ শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননা পদক, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেবেন।
এ বছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সানজিদা আক্তার শিমু। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হোসনে আরা আরজু। সফল জননী হিসেবে চট্টগ্রাম বিভাগের খোশনাহার বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্ষেত্রে বরিশাল বিভাগের জেসমিন আক্তার আর সমাজ উন্নয়নে অবদান রাখায় রংপুর বিভাগের রোকেয়া বেগম।এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ করবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। টেলিভিশন ও রেডিওতে নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ সড়ক পোস্টার, ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে দেশের সকল জেলা ও উপজেলায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন, অধিকার এবং এ বিষয়ে প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালী, সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























