জাতীয় সংসদের ২৪তম অধিবেশন প্রত্যক্ষ করলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদ এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদে জানালে পুরো সংসদ ভবন করতালিতে ফেটে পড়ে। এসময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দাঁড়িয়ে হাত নেড়ে সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান। পরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আজকে যে ঘটনাটি প্রত্যক্ষ করলাম তা গণতন্ত্রের সৌন্দর্য। নীরবে, নিভৃতে অভূতপূর্ব ঘটনা। দেশে একজন স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, দুইবার রাষ্ট্রপতি ছিলেন। কোন রাষ্ট্রপতি অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন এটাই মনে হয় প্রথম। উনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। উনি বাংলাদেশের রাজনৈতিক গগণে অত্যন্ত একজন সফল ব্যক্তি রাজনীতিবীদ হিসাবে। তাকে আমি ধন্যবাদ জানাই।’ এরআগে মাগরিবের নামাজের বিরতিতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ ভবনে সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালনের পর সম্প্রতি মো. আবদুল হামিদ অবসরে যান। একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সংসদ সদস্য মো. আবদুল হামিদ পাঁচ বছর আগে ২০১৮ সালে দেশের ২১ তম রাষ্ট্রপতি হিসাবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন। এর আগে ২০১৩ সালের ১৪ মার্চ সিঙ্গাপুরে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চিকিৎসা নিতে গেলে আবদুল হামিদ প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন আবদুল হামিদ। ২০১৩ সালের ২২ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন ছাত্র-ফ্রন্ট ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৬৯ সালের শেষের দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নবম জাতীয় সংসদে স্পিকার ছিলেন। তিনি ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সাতবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।-রাইজিংবিডি.কম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যালারি থেকে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন সাবেক রাষ্ট্রপতি হামিদ
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ১১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- ৯৩
Tag :
সর্বাধিক পঠিত



























