সম্প্রতি প্রযুক্তিবিষয়ক পোর্টাল ‘এনগ্যাজেট’-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রকৃত ও আসল ব্যবহারকারী শনাক্ত করতে এবার সম্পূর্ণ বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক
যেভাবে মিলবে বিনামূল্যে ভেরিফিকেশন
মেটার নতুন এই নীল ব্যাজ বা ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ‘ভিডিও সেলফি’র মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। প্রযুক্তিটির মাধ্যমে ভিডিও সেলফির সঙ্গে অ্যাকাউন্টের ছবির সঠিক মিল খুঁজে দেখে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে
ফেসবুকের এই বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:
বয়সসীমা: আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
পরিচ্ছন্ন রেকর্ড: অ্যাকাউন্টের ইতিহাস ভালো হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা নীতি মেনে চলতে হবে।
প্রতারণামুক্ত প্রোফাইল: অ্যাকাউন্টটিতে ইতিপূর্বে কোনো প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কর্মকাণ্ডের রেকর্ড থাকা চলবে না।
কারা পাবেন না এই সুবিধা
সবাই কিন্তু বিনামূল্যে এই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার যোগ্য হবেন না। মেটার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই ব্যাজ দেওয়া হবে না:
১৮ বছরের কম বয়সীরা: অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না।
ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড: সেবাটি আপাতত কেবল সাধারণ প্রোফাইলের জন্য। ফেসবুক পেজের মালিক কিংবা যেসব প্রোফাইলে ‘প্রফেশনাল মোড’ চালু রয়েছে, তারা আপাতত এই সুবিধা পাচ্ছেন না।
ছবি ও ভিডিওর অমিল: ধারণকৃত ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইল পিকচারের সুনির্দিষ্ট মিল না পাওয়া গেলে ভেরিফিকেশন আবেদন বাতিল হবে।
মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজটি মূলত ব্যবহারকারী যে একজন বাস্তব মানুষ—তা নিশ্চিত করবে; তবে এটি ওই ব্যক্তির সততা বা শতভাগ বিশ্বাসযোগ্যতার গ্যারান্টি দেয় না। তাই অনলাইনে আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে যথারীতি সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























