ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভাবনীয় সাফল্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক উষ্ণ বার্তায় তিনি নাহিদ ইসলামের নেতৃত্ব এবং নবীন দল হিসেবে এনসিপির এই লড়াকু অংশগ্রহণকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ‘তাৎপর্যপূর্ণ অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।
প্রধান উপদেষ্টা মনে করেন, এই সাফল্য কেবল সংখ্যার বিচারে নয়, বরং এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও স্বপ্নের এক বলিষ্ঠ প্রতিফলন।
প্রফেসর ইউনূস বলেন, মাত্র এক বছর আগে চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি নবীন দল হিসেবে ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাহসের পরিচয়। এর মধ্যে ৬টি আসনে সরাসরি জয়লাভ এবং আরও বেশ কয়েকটি আসনে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ রাজনৈতিক অর্জন। এই জয় প্রমাণ করে যে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ এখন নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক নতুন ধারার রাজনীতির প্রতি গভীরভাবে আস্থাশীল।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শেষে বলেন, সংগ্রামের রাজপথ থেকে রাজনীতির মূলধারায় এই রূপান্তর যেন দলের আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে। তিনি নাহিদ ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।

রিপোর্টারের নাম 






















