প্রকাশিত সময় :
০৯:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৯
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী।
এর আগে, শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী।
ফরম সংগ্রহের পর তিনি বলেন, আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।
জানা গেছে, সিথীর বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়েছেন ফারজানা সিথী। এরপর থেকে কয়েকটি ঘটনায় ভাইরালের তকমা পান এই তরুণী।
আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসিনা সরকার পতনের পর আরেকবার তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিথী।
বর্তমানে তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন।