আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস (First Love Day)। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির প্রচলন শুরু হয়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও এটি পরিচিতি পায়। জীবনের প্রথম ভালো লাগার মানুষটিকে স্মরণ করার উপলক্ষ হিসেবেই দিনটি পালিত হয়ে আসছে।
এই প্রথম প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের অনেক ‘প্রথম’—প্রথম দেখা, প্রথম কথা, প্রথম একসঙ্গে হাঁটা, প্রথম অপেক্ষা কিংবা কাউকে লুকিয়ে ভালো লাগার অনুভূতি। সম্পর্কটি শেষ পর্যন্ত টিকে থাকুক বা না থাকুক, সেই মুহূর্তগুলো অনেকের কাছেই অমূল্য হয়ে থাকে।
সাহিত্য ও সংগীতেও প্রথম প্রেম বারবার ফিরে এসেছে। নচিকেতার গানে যেমন ধরা দিয়েছে প্রথম ভালোবাসার স্মৃতি, তেমনি সুনীল গঙ্গোপাধ্যায়, মহাদেব সাহা ও আহসান হাবীবসহ বহু কবির লেখায় প্রেমের আনন্দ, অপেক্ষা আর বিচ্ছেদের নানা অনুভূতি উঠে এসেছে।
তবু প্রথম প্রেমের আলাদা এক জায়গা থেকে যায়। কারণ জীবনে প্রথমবার কাউকে ঘিরে যে আবেগ, উত্তেজনা, অপেক্ষা কিংবা অভিমান তৈরি হয়, তার অভিজ্ঞতা আর কোনো সম্পর্কের সঙ্গে পুরোপুরি মিলে না।
হুমায়ুন আজাদের বহুল উদ্ধৃত একটি কথায় আছে, “দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।”
তাই ১৮ সেপ্টেম্বর হতে পারে পুরোনো স্মৃতির পাতায় একবার ফিরে তাকানোর একটি উপলক্ষ। প্রথম ভালো লাগার মানুষটি আজ জীবনে থাকুন বা না থাকুন, তার সঙ্গে জড়িয়ে থাকা কিছু মুহূর্ত হয়তো এখনো মনের কোনো কোণে ঠিক আগের মতোই রয়ে গেছে।
আর যদি সেই প্রথম ভালোবাসার মানুষটিই আজও পাশে থাকেন, তাহলে দিনটি দুজনের জন্য হয়ে উঠতে পারে আরও একটু বিশেষ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























