জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার সকাল ৮টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপন করা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান ফুটবলাররাও শ্রদ্ধা জানান।
পরে সকাল পৌনে ৯টায় নেতাদের নিয়ে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান ওবায়দুল কাদের। দলটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
পরে যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদত বরণ করেন তিনি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























