গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় মাহবুব হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার সবুজবাগে সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে।
মাহবুব হাসান উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের মো. আজিজুল বেপারীর ছেলে। সে এ বছর ফাওগান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে ফেল করে। স্বজনদের ধারণা, পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে।
নিহতের চাচা আসলাম বেপারি বলেন, ‘গতকাল সোমবার সকাল সে বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়। রাত হলেও সে বাড়ি আসেনি। এরপর নিকট আত্মীয়, প্রতিবেশী ও তার বন্ধুবান্ধবদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। আজ মঙ্গলবার সকালে থানায় জিডি করতে প্রস্তুতি নেই। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর বিষয়টি জানতে পেরে দ্রুত হাসপাতালে এসে মরদেহ দেখতে পায়। আমরা ধারণা করছি, এসএসসি পরীক্ষায় ফেল হয়ে অভিমান করে সে কোনো কিছু সেবন করায় তার মৃত্যু হয়েছে।’
নিহতের বাবা আজিজুল বেপারী বলেন, ‘পরীক্ষার ফলাফল দেওয়ার পর আমি ও স্ত্রী ছেলেকে কোনো ধরনের বকাঝকা এমনকি কোনো ধরনের চাপ দেয়নি। কিন্তু কী কারণে সে মারা গেল বলতে পারছি না। বাড়ি থেকে এত দূরে সে কীভাবে গেল, কী খেল কীভাবে মারা গেলে, কেন মারা গেল কোনো কিছুই বলতে পারছি না।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। ’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















