প্রকাশিত সময় :
০৯:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৮
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) ও পরদিন শনিবার (১৮ এপ্রিল) নেওয়া হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বিষয়টি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন। সে প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে।
মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
তিনি জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।