প্রকাশিত সময় :
১১:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭
আলো, ক্যামেরা, অ্যাকশনের মাঝখান থেকে চিরবিদায় নিলেন ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস। আর তার চলে যাওয়ার গল্পটা ঠিক সিনেমার মতোই নাটকীয়। তার শূন্যতায় ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে তার মৃত্যু হয়।
ফ্রান্সের প্রভাবশালী পত্রিকা লি ফিগারো জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি।
নাদিয়া ফারেস আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমার মাধ্যমে। ১৯৬৮ সালে মরক্কোর মারাকেশ শহরে জন্মগ্রহণ করেন তিনি। পরে পরিবারের সঙ্গে ফ্রান্সের নাইস শহরে চলে যান এবং সেখান থেকেই তার বেড়ে ওঠা।
অভিনয়ের স্বপ্ন নিয়ে পরবর্তীতে প্যারিস-এ পাড়ি জমান তিনি। মাত্র ১৮ বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করে দ্রুতই খ্যাতি অর্জন করেন। ইউরোপের পাশাপাশি হলিউডের বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে বিয়ের পর কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিলেও ২০১৬ সালে আবারও অভিনয়ে ফিরে আসেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।