ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারে থাকা চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালক ও তিন যাত্রীসহ মোট চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















