বাগদত্তা করন ধানকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী জিয়া শঙ্কর। তাদের সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা চললেও অভিনেত্রী জানিয়েছেন, এসব খবরের কোনো সত্যতা নেই। তবে, দুজনের মধ্যে মতপার্থক্য ও তর্ক-বিতর্ক হয় বলে স্বীকার করেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, একে অপরকে বুঝতে শিখছেন তারা এবং একসঙ্গে এগিয়ে যেতে চান।
জিয়া লেখেন, “একসঙ্গে থাকতে শেখার সময় জীবন কতটা কঠিন হয়ে উঠতে পারে, তা যদি কেউ তোমাদের না বলে থাকে, তাহলে আমি বলছি—এটা কোনো বলিউড সিনেমা নয়।”

বাগদত্তা করন ধানকের সঙ্গে সমুদ্রসৈকতে জিয়া শঙ্কর
সম্পর্কে তাদের মতপার্থক্য ও মতবিরোধের বিষয়টিও স্বীকার করেছেন অভিনেত্রী। তবে, দুজনই একে অপরের জন্য আরো ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানান তিনি।
জিয়ার ভাষায়, “আমাদের মধ্যে মতপার্থক্য আছে। আমরা একে অপরের জন্য আরো ভালো হওয়ার চেষ্টা করছি। আমরা নিখুঁত নই। আমরা শুধু মানুষ, যারা প্রেমে পড়েছি এবং একে অপরকে বেছে নিয়েছি। আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। শেষ পর্যন্ত আমাদের আশা, এই জীবনে আমরা সবকিছু বুঝে উঠতে পারব এবং একসঙ্গে বেড়ে উঠতে পারব।”
এরপর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরাসরি কথা বলেন জিয়া। কারান কিংবা তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই বলে স্পষ্ট জানান তিনি। পাশাপাশি মানুষকে অনুমান নির্ভর মন্তব্য না করার আহ্বান জানান।
অভিনেত্রী লেখেন, “আমার বাগদত্তা কিংবা আমাদের সম্পর্ক নিয়ে যা কিছু বলা হয়েছে, তার কোনোটিরই কোনো সত্যতা নেই। এবার ভালোবাসা ও সদয় মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাই, কেমন? তোমাদের সবার জন্য ভালোবাসা ও শান্তি কামনা করছি। আশা করি, তোমরা এমন ভালোবাসা খুঁজে পাবে, যা তোমাদের কাছে নিখুঁত মনে হবে।”

মতপার্থক্য থাকলেও একসঙ্গে পথচলার প্রত্যয় জিয়ার
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টের কারণে যেন নতুন করে কোনো ভুল ধারণা তৈরি না হয়, সে বিষয়েও এখন থেকে আরো সতর্ক থাকবেন বলে জানিয়েছেন জিয়া।
হৃদয়ভাঙার পোস্ট ঘিরেই বিচ্ছেদের গুঞ্জন
এর আগে করনের সঙ্গে সম্পর্কের বিষয়টি অনেকটাই ব্যক্তিগত রেখেছিলেন জিয়া। চলতি বছরের ৫ আগস্ট কারানের সঙ্গে বাগদানের ঘোষণা দেন তিনি। এরপর বিভিন্ন পার্টি, ছুটি কাটানো ও ভ্রমণের মুহূর্তের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে থাকেন এই অভিনেত্রী।
সম্প্রতি জিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা ও মানসিক যন্ত্রণাসংক্রান্ত বিভিন্ন পোস্ট ও রিলস শেয়ার করতে দেখেন অনুসারীরা। সেসব পোস্ট ঘিরেই করনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।
জিয়ার শেয়ার করা একটি পোস্টে লেখা ছিল, “দুটি বিষয় আমি নিশ্চিতভাবে জানি: প্রার্থনা কাজে আসে এবং সময়ের সঙ্গে সবকিছুর হিসাব ফিরে আসে।”
অন্য একটি পোস্টে লেখা ছিল, “কিছু রাতে আমি আর মানসিক যন্ত্রণা থেকে সেরে উঠতে চাই না। আমি চাই, মহাবিশ্ব স্বীকার করুক—আমার সঙ্গে যা ঘটেছে, তা নিষ্ঠুর ছিল।”
এসব পোস্ট ছড়িয়ে পড়ার পর বিচ্ছেদের গুঞ্জন আরো জোরালো হয়। একপর্যায়ে জিয়া অনুসারীদের উদ্দেশে বিবৃতি দিয়ে তাদের সম্পর্ক নিয়ে অনুমান না করতে এবং গুজব না ছড়ানোর অনুরোধ জানান। তবে, তখন বিচ্ছেদের খবর সত্য কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। এবার কারানের সঙ্গে নিজের সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।
* ইন্ডিয়া টুডে অবলম্বনে

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























