‘অগ্নি’, ‘ভালোবাসার রঙ’ ও ‘পোড়ামন’সিনেমার মতো সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই নায়িকা। তবে দীর্ঘদিন ধরেই বড়পর্দায় খুব একটা সক্রিয় নন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সরব মাহি।
যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুকে ছেলে ফারিশের ছবি পোস্ট করে দেশে ফেরার পর কী কী করবেন, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন মাহি। তিনি লিখেছেন, “এরপর যখন দেশে যাবো, নিজের ঘরটাকে নিজ হাতে আবার সাজাবো। প্রিয় ফুল রাখবো বিছানার পাশে। অযত্নে পড়ে থাকা টেরেসটা ফারিশের খেলার জন্য গুছিয়ে ফেলবো। খোলা বারান্দায় অনেক গাছগাছালি রাখবো, যেন রাতের বেলা প্রিয় গান শুনতে শুনতে এক কাপ কফি খেতে পারি।”
তিনি আরও লেখেন, “প্রত্যেক শুক্রবার টেরেসে মাটির চুলোয় রান্না হবে। তারপর সেই খাবার নিয়ে কোনো শুক্রবার চলে যাবো নদীর পাড়ে, আবার কোনো শুক্রবার যাবো সুন্দর কোনো গ্রামে। সবাই মিলে ঘাসে চাদর বিছিয়ে আয়োজন করে খাবো। ভাবতেই পারছি না কত আনন্দ হবে। জীবনটা বড্ড সুন্দর, সেটা জীবন থেকে দূরে না গেলে বোঝা যায় না।”

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















