ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে নির্মিত এত উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই। মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এরইমধ্যে তা পৌঁছে গেছে ৩ কোটির ঘরে।
নিরীক্ষাধর্মী সিনেমার এমন সাফল্যের কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাফী। গতকাল রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের “প্রেশার কুকার”র মতো একটি এক্সপেরিমেন্টাল, ভিন্নধারার সিনেমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা কল্পনাও করিনি, আপনারা এভাবে পাশে থাকবেন।’
যোগ করে নির্মাতা আরও লিখেছেন, ‘সব থেকে কম শো নিয়ে শুধু সিনেমা হল থেকেই ৩ কোটি টাকার ঘরে প্রবেশ, এই অর্জন আমাদের জন্য অনেক বড়।’
সবশেষে দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রাফী লিখেছেন, ‘এই ভালোবাসাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি। এটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে। আমাদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা আর ভালোবাসা রইল।’
রাফী জানান, সিনেমা হল থেকে ‘প্রেশার কুকার’র গ্রস কালেকশন ২ কোটির বেশি। বিদেশের মাটি থেকে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি। সিনেমার মোট ব্যবসা দাঁড়িয়েছে ৩ কোটি টাকা।
ক্রাইম থ্রিলারধর্মী এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী ও শহীদুজ্জামান সেলিম। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















