আন্তর্জাতিক বাজারে চলমান সংকটের সঙ্গে সমন্বয় রাখতেই দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার (১ জুন) ঈদের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আমদানি নির্ভরশীল দেশ হওয়ায় বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের বাজারেও পড়ছে। আন্তর্জাতিক বাজারে অন্য দেশগুলো আগে থেকেই দাম সমন্বয় করলেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে তা স্থিতিশীল রেখেছিল। তিনি উল্লেখ করেন যে, অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরামর্শে গঠিত একটি কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে এবং দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
এদিকে সরকার জুন মাসের জন্য ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখলেও অকটেন, পেট্রল ও কেরোসিনের মূল্য লিটারে ৫ টাকা করে বাড়িয়েছে, যা আজ (১ জুন) থেকেই কার্যকর হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে পুনর্নির্ধারণ করা নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে বিদায়ী মে মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারিত ছিল।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















