প্রকাশিত সময় :
১০:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
৩
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম করায় সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে বক্তব্য সংক্ষিপ্ত করার নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে বাজেট আলোচনার সময় স্পিকার বলেন, “২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।” স্পিকারের এ মন্তব্যের পর সংসদ কক্ষে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।
বক্তব্যের শুরুতে নিলোফার চৌধুরী মনি বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন।
এর আগে বক্তব্যের শুরুতে বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদরাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি তাকে বলতে চাই- কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন।’
তিনি বলেন, সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি আছেন। তারা তরুণদের নিয়ে কোনো কথা বলেন না। তারা শুধু গণভোট নিয়ে কথা বলেন।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকার পরও মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হতেই হবে- এমন কোনো কথা নেই। জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে অসত্য বক্তব্য দিচ্ছেন।
পরে এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ব্যাখ্যা দিয়ে বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্যটি ছিল অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব টাং’। তিনি নিজেও বিষয়টি স্বীকার করেছেন এবং এর আগেও সংসদে এ নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বর্তমানে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনা চলমান রয়েছে। সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরছেন।