জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইটকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ২৬ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি কর্তৃক আয়োজিত আলোচনা সভা চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
নোটিশে উল্লেখ করা হয়, প্রাথমিক পর্যবেক্ষণে উক্ত ঘটনার সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে এস এম সুইটের প্রত্যক্ষ ইন্ধন ও জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী।
এ অবস্থায়, সংগঠনের নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী কেন তার বিরুদ্ধে চূড়ান্ত শৃঙ্খলাভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার ইবি শাখা জাতীয় ছাত্রশক্তি কর্তৃক ২৪’র জুলাই স্মৃতিচারণ মূলক ‘রিমেম্বারিং জুলাই’ আয়োজন চলাকালীন বর্তমান শাখা কমিটি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেতাদের মঞ্চের পাশে হট্টগোল করতে দেখা যায়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























