প্রেক্ষাগৃহে চলছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
এর মধ্যেই ভারতে ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটির নতুন সংস্করণ। তবে এই সংস্করণে মূল সিনেমার তুলনায় প্রায় ১৭ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে প্রেক্ষাগৃহে চলা ‘টক্সিক’-এর দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট। হিন্দিসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
অন্যদিকে ইংরেজি সংস্করণটির দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ মূল সংস্করণের চেয়ে ইংরেজি সংস্করণটি প্রায় ১৭ মিনিট ছোট।
তবে ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, যশ ও কিয়ারা আদভানি অভিনীত ‘তাবাহী’ গানটি ইংরেজি সংস্করণে থাকছে না।
এর পাশাপাশি আরও কয়েকটি দৃশ্যও বাদ পড়েছে বলে জানা যাচ্ছে।
সিনেমাটিতে যশ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরৈশী ও রুক্মিণী বসন্ত। হিংসা ও ঈর্ষায় ঘেরা এক জগতের মধ্যে প্রেম ও মুক্তির মূল্য কতটা—সেটিই সিনেমাটির অন্যতম মূল বিষয়।
‘টক্সিক’-এ রয়েছে বেশ কিছু সহিংস দৃশ্য। পাশাপাশি কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও মুক্তির পর থেকেই আলোচনা চলছে।
সিনেমাটি নিয়ে সমালোচনাও হয়েছে। দর্শকদের কেউ কেউ ছবিটিকে অতিরিক্ত যৌন আবেদনময় ও সহিংসতায় ভরা বলে মন্তব্য করেছেন।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যশ ও সিনেমাটির পরিচালক গীতু মোহনদাসের একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানে নির্মাতা চিত্রনাট্য ও চূড়ান্ত সিনেমার মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরেছেন।
গীতু মোহনদাস বলেন, ‘আমি চিত্রনাট্যে একটা জিনিস লিখি, কিন্তু শুট করি অন্য কিছু, আবার সম্পাদনার সময়ে অন্য কিছু করি। তার পরে ছবিটা মুক্তি পেলে আমার ভালো লাগে। আমি কখনোই চিত্রনাট্য মেনে চলি না।’
নিজের পরবর্তী সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এখন আমার পরের ছবি নিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলছি। তাদের আমি একটা কথাই বারবার বলেছি, আপনারা যে জিনিসটা পড়ছেন, শেষ পর্যন্ত কিন্তু সেটা পাবেন না।’
এদিকে ইংরেজি সংস্করণে প্রায় ১৭ মিনিটের ফুটেজ বাদ পড়ার খবরে দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে যশ ও কিয়ারার ‘তাবাহী’ গানটি কেন বাদ দেওয়া হলো , এখন সেটিই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























