ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এই রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আদালত থেকে ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আপনাদের করণীয় কি-সাংবাদকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন-বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পরে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”
তিনি বলেন, “রায়ের কপি পাওয়ার পর দেরি বা বিলম্ব করার কোনো অবকাশ নেই। সিদ্ধান্ত যেটাই হোক না কেন আমরা দ্রুত গতিতে করি। যত দ্রুত সিদ্ধান্তগুলো দিতে পারব, ফাইলগুলো ক্লিয়ার করতে পারব আমাদেরও কাজের চাপ কমে, আমরা স্বস্তি পাই। রায়ের কপি পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব।”
এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে রায় দেন আদালত।
নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার (২৭ মার্চ) এ রায় ঘোষণা করেন।
আদালতের আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একইসঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
অনিয়ম ও দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, “অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। একইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করি। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন।”
নির্বাচনি আইনানুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। মামলার পর পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল। সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন।
ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















