দীর্ঘ ৫৭০ দিন বসবাসের পর রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিদায়বেলায় গতকাল বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেনÑ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ড. ইউনূস মিন্টো রোডের সরকারি বাসভবন ত্যাগ করে গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। তার প্রটোকলে তিন থেকে চারটি গাড়ি ছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিনই শপথগ্রহণ শেষে তিনি যমুনায় ওঠেন। প্রায় ১৮ মাস-দিন হিসাবে ৫৭০ দিন-সেখান থেকেই তিনি সরকার পরিচালনা করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
ড. ইউনূসের ছেড়ে দেওয়ার পর যমুনা ভবনটি সংস্কার করে প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বর্তমানে তিনি গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসেরমধ্যেই যমুনার অভ্যন্তরীণ সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ করা হবে। ড. ইউনূস ভবন ছাড়ার পরপরই গণপূর্ত অধিদপ্তর ভবনটির দায়িত্ব বুঝে নিয়ে সংস্কারকাজ শুরু করেছে। পুরো প্রক্রিয়ায় প্রায় এক মাস সময় লাগতে পারে।
নতুন সরকার গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অবসান ঘটে। এরপর থেকেই আলোচনায় আসেÑ নতুন প্রধানমন্ত্রী কোথায় উঠবেন। ২০২৪ সালের ৫ আগস্টের বিক্ষোভে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটিকে জুলাই জাদুঘরে রূপান্তর করা হয়। ফলে সরকারপ্রধানের বাসভবন নির্ধারণ নিয়ে নতুন করে ভাবতে হয়।
প্রধানমন্ত্রীর বাসভবন নানা দিক বিচার বিশ্লেষণ করে ঠিক করা হয়। সরকারপ্রধানের নিরাপত্তা, তাঁর দাপ্তরিক কাজ। এ ছাড়া রাষ্ট্রীয় অতিথিতের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রধানমন্ত্রীর বাসভবনেই হয়ে থাকে। তাছাড়া সরকারপ্রধান হিসেবে কিছু ইভেন্ট তাঁর বাসভবনেই করে থাকেন। তাই সবদিক বিচার বিবেচনা করে সাবেক প্রধান উপদেষ্টার ছেড়ে যাওয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান উপদেষ্টা ছেড়ে যাওয়ার পর এখন বাসভবনটি পুনরায় কিছু সংস্কার করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল শনিবার বিকালে প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে যাওয়ার পর বাসভবনটি বুঝে নেয় পূর্ত অধিদপ্তর। তাদের তত্ত্বাবধানে এখন থেকে সংস্কারকাজ করা হবে। প্রায় ১ মাস লেগে যেতে পারে এই সংস্কারে। তাই ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনাতে উঠতে পারেন বলে জানা গেছে। তবে এই রমজান মাসেই যমুনাতে প্রধানমন্ত্রীর আয়োজনে ইফতার মাহফিল করার কথা রয়েছে। তাছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় যমুনাতেই করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিপোর্টারের নাম 

























