সঞ্জয়লীলা বানসালির বহু প্রতীক্ষিত ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি আবারও আলোচনায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ছবিটি নতুন করে শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা—এমনটাই শোনা যাচ্ছে বলিউড অন্দরে।
শুরুর দিকে সিনেমাটিতে সালমান খান ও আলিয়া ভাটকে জুটি হিসেবে দেখা যাবে বলে জানা গিয়েছিল। তবে বানসালির সঙ্গে মতবিরোধের জেরে ছবিটি থেকে সরে দাঁড়ান সালমান।এবার নতুন খবর, সালমানের জায়গায় শাহরুখ খানকে ভাবছেন বানসালি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, আলিয়া ভাটের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে কিং খানকে।
বলিউড সূত্রের খবর, ছবিটির জন্য শুরু থেকেই বানসালির প্রথম পছন্দ ছিলেন শাহরুখ।
যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখ খান কিংবা বানসালি—দু’জনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
এর আগে প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সৃজনশীল মতভেদের কারণেই ছবিটি থেমে যায়। তিনি বলেন, “ভাগ্য ভালো বা খারাপ যে, ছবির কাজ শুরু হয়
কারণ এর মধ্যেই বড় সমস্যা হয় এবং সালমান সেট ছেড়ে চলে যান।”
তিনি আরো বলেন, “সালমান আর বানসালি একসঙ্গে কাজ করতে চাননি। আমি বানসালির সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।”
তবে শেষ পর্যন্ত সেটিও বাস্তবায়ন হয়নি।
জানা গেছে, ইনশাআল্লাহ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে।
বলিউডের একটি সূত্র জানিয়েছে, এই ছবিকে ঘিরে শাহরুখ ও বানসালির মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে এবং শাহরুখও আগ্রহ দেখিয়েছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























