ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সাম্প্রতিক একটি পদক্ষেপ এখন রাজ্যজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। এক সরকারি অনুষ্ঠানে তিনি মঞ্চে বসে নিয়োগপত্র দেয়ার পরিবর্তে নিজেই মঞ্চ থেকে নেমে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক সাড়া পড়েছে। সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।
তামিলনাড়ু পাব্লিক সার্ভিস কমিশনের মাধ্যমে বাছাই করা ৪০১ জন প্রার্থীকে এদিন আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেয়া হয়। তাদের মধ্যে ছিলেন ৩৮৩ জন সহকারী ইঞ্জিনিয়ার এবং ১৮ জন সহকারী হিসাব কর্মকর্তা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়া লক্ষ্মী নামে এক প্রার্থী, যিনি গর্ভাবস্থার একেবারে শেষের দিকে ছিলেন।
তার নাম ঘোষণার পর মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন যে মঞ্চে উঠে নিয়োগপত্র গ্রহণ করা তার জন্য কষ্টকর হতে পারে। এরপরই ঘটে ব্যতিক্রমী ঘটনা। কোনো বিশেষ ব্যবস্থা করার নির্দেশ না দিয়ে বা কর্মকর্তাদের সাহায্যের অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী নিজেই মঞ্চ থেকে নেমে আসেন। উপস্থিত সকলকে বিস্মিত করে তিনি সরাসরি অক্ষয়ার আসনের কাছে গিয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। শুধু নিয়োগপত্র দিয়েই থেমে থাকেননি বিজয়।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু মানুষ এই উদ্যোগকে একজন জননেতার মানবিকতার পরিচয় বলে উল্লেখ করেছেন। অনেকের মতে, প্রশাসনিক প্রথার গণ্ডি পেরিয়ে একজন নাগরিকের প্রয়োজনকে গুরুত্ব দেয়ার মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয় মেলে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিজয় সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ এবং সহজলভ্যতার বার্তা দেয়ার চেষ্টা করে আসছেন।
সূত্র: এমএসএন

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 




















