রাশিয়ার সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইট হেডহান্টার মস্কোর আকাশসীমা সুরক্ষার জন্য ড্রোন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। এ পদে আবেদন করতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
অনলাইন বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স’ নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য কর্মী খোঁজা হচ্ছে। তাদের দায়িত্ব হবে আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করে রাজধানী মস্কোর নিরাপত্তা নিশ্চিত করা।
বিজ্ঞাপনে আরো বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের শহুরে পরিবেশ সুরক্ষার জন্য তৈরি উচ্চপ্রযুক্তির সরঞ্জাম নিয়ে কাজ করতে হবে।
বিজ্ঞাপন অনুযায়ী, ড্রোন অপারেটরদের কাজের মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের প্রস্তুতি ও পরিচালনা, নজরদারি ও গোয়েন্দা মিশনে অংশ নেওয়া এবং দিন-রাত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ফ্লাইট পরিচালনা করা।
এই পদে আবেদনকারীদের শুধু মৌলিক প্রযুক্তিগত দক্ষতা এবং এ ক্ষেত্রে শেখার ও উন্নতির আগ্রহ থাকলেই চলবে। তবে মাসিক বেতন ১ লাখ ৫০ হাজার রুবল (প্রায় ১৯৫০ মার্কিন ডলার) থেকে শুরু হওয়ায় অনেকের কাছে তা তুলনামূলকভাবে কম মনে হতে পারে। কারণ মস্কোতে গড় মাসিক বেতন ২ লাখ রুবলেরও বেশি।
রয়টার্স স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি যে চাকরির বিজ্ঞাপনটি প্রথম কবে প্রকাশ করা হয়েছিল।
তবে তথ্য অনুযায়ী, এটি সর্বশেষ ১ জুলাই হালনাগাদ করা হয়েছে। সম্প্রতি ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা বাড়িয়েছে। জুন মাসে রাজধানীর রিং রোডের ভেতরে অবস্থিত একটি বড় তেল শোধনাগার তিন দিনের ব্যবধানে দুবার ড্রোন হামলার শিকার হয়।
এ পরিস্থিতিতে ক্রেমলিন জানিয়েছে, ড্রোন হামলা মোকাবিলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের রাজধানী কিয়েভ এ বছরের অন্যতম প্রাণঘাতী হামলা চালিয়েছে।
ওই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























