বিশ্বকাপে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মেসির পারফরম্যান্স। তবে সেই আলোচনার পাশাপাশি জায়গা করে নিয়েছে কেপ ভার্দের লড়াই এবং ম্যাচের আগে ভাইরাল হওয়া এক ‘তান্ত্রিকের’ ভবিষ্যদ্বাণীও। ফেসবুকে নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা।
দুই দিন ধরে ভাইরাল হওয়া ওই তান্ত্রিক আর্জেন্টিনার হার হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। ম্যাচ শেষে বিষয়টি টেনে এনে অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, “পাউডার তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করেনি! পাউডারে ফুঁ দেওয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না, প্রতারিত হবেন না। আর ফাইনাল দেখা লাগবে? কি দারুণ একটা লড়াই হলো! কেপ ভার্দের জন্য আফসোস হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে না হলে তন্ত্রমন্ত্র পড়ে কেপ ভার্দেকে রেখে দিতাম। চাইতাম বাকি সেলিব্রিটি দলগুলো একবার করে তাদের মুখোমুখি হোক। দুর্দান্ত কেপ ভার্দে! শুভকামনা তোমাদের জন্য। অভিনন্দন আর্জেন্টিনা”
পরে আরেকটি পোস্টেও কেপ ভার্দেকে নিয়ে নিজের মজার প্রতিক্রিয়া জানান তিনি। সেখানে লেখেন, “কেপভার্দের জন্য আমার সকল তন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করবো, আর্জেন্টিনা সাপোর্টার হয়েও বাকি সকল দলে সাপোর্টারদের কথা ভেবেই এই সিদ্ধান্ত…”
আর্জেন্টিনার সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদও কেপ ভার্দের প্রশংসা করতে ভোলেননি। তিনি লিখেছেন, “কোনো কথা হবে না, স্যালুট কেপ ভার্দে। তারপর বলো, পেনাল্টি থেকে মেসির এই গোলটা কেমন লাগলে।”
ছবি: ইরফান সাজ্জাদের ফেসবুক পেইজ থেকে নেওয়া
অভিনেতা কচি খন্দকার ম্যাচের রোমাঞ্চ তুলে ধরে লেখেন, “এই রকম শ্বাসরুদ্ধকর ম্যাচ নেওয়া যায় না। শেষ দিকে বীর কেপ ভার্দের আক্রমণে ছন্নছাড়া আর্জেন্টিনাকে দেখে কান্না পাচ্ছিল। ভাগ্য সুপ্রসন্ন বলে আর্জেন্টিনার জয়।”
অন্যদিকে, অভিনেতা তৌসিফ মাহবুব ম্যাচের উত্তেজনা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, “আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।”
ব্রাজিলের সমর্থক হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ছবি প্রকাশ করে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য শুভকামনা! ফিফা যাতে তাদের খেলাটা সহজ করে দেয়। বেশি বেশি ফ্রি-কিক আর পেনাল্টি দেয়।’ তবে আর্জেন্টিনা যে ম্যাচে বেশ চাপে ছিল, সেটিও মন্তব্যের ঘরে তাকে মনে করিয়ে দিয়েছেন ভক্তরা।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 






















