আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আলমেরিয়া উপকূলের লস গালার্দোস শহরের কাছে ছড়িয়ে পড়া বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে। আগুনের কারণে বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো জানান, এখন পর্যন্ত অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছে।
লস গালার্দোসের মেয়র ফ্রান্সিসকো রেয়েস মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ, কারণ প্রচণ্ড বাতাস বইছে এবং আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।’
চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড তৈরি হয়েছে। অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে এবং সেগুলো নিয়ন্ত্রণে দমকলকর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন।
ইউরোপে দাবানল নতুন ঘটনা নয়। তবে জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তৈরি হচ্ছে, যা আরও ভয়াবহ দাবানলের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 





















