বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা অফিসের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫)মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার অকাল ও আকস্মিক মৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোকাহত।
আজ রোববার খুলনা থেকে ঢাকায় আসার পথে সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে একটি মেধাবী ও সম্ভাবনাময় তরুণ জীবনের স্বপ্নযাত্রা অকালে থেমে গেল।
শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।
মহাপরিচালক (সচিব) মরহুমা শেখ মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে ২০২৫ সালে শেখ মিসা খাতুন বিএসটিআইতে পরীক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্টি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়াশোনা শেষে বিএসটিআইতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























