ঢালিউডের অন্যতম শীর্ষ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির জন্মদিন আজ। নব্বইয়ের দশকের শেষভাগ থেকে শুরু করে দীর্ঘ তিন দশক ধরে যিনি নিজের রূপ ও অনবদ্য অভিনয়ের জাদুতে মাতিয়ে রেখেছিলেন রূপালি পর্দা, আজ তার বিশেষ দিন। তবে একসময়ের কোটি পুরুষের হৃদস্পন্দন এই নায়িকা এখন জমকালো লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে পুরোপুরি অন্তরালে। গত প্রায় ৬ বছর ধরে স্বামী ও সন্তান নিয়েই তার ব্যস্ত সময় কাটছে।
জন্মদিন ঘিরে পরিকল্পনা জানতে চাইলে রূপালী বাংলাদেশকে পপি বলেন, ‘সে রকম পরিকল্পনা নেই। ঘরোয়া ভাবে দিনটি কাটছে। মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাসার সবাইকে নিয়ে কেক কেটেছি। মূলত পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটছে। জন্মদিন এলে বাবাকে ভীষণ মিস করি।’
১৯৭৯ সালের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই বাজিমাত করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় আড়াইশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এই গুণী শিল্পী।
একসময় পপির জন্মদিন মানেই ছিল চলচ্চিত্র পাড়ায় এক বিশাল উৎসব। আগের দিন রাত থেকেই সহকর্মী, নির্মাতা আর ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসতেন তিনি। তবে সময়ের সাথে সাথে জীবনের সমীকরণ বদলে গেছে। বর্তমান জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে পপি বলেন, যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। এখন সেই দিনগুলো মিস করি, তবে বর্তমান জীবন নিয়েও আমি বেশ শান্তিতে আছি।
গত কয়েক বছর ধরেই মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন এই নায়িকা। বর্তমানে তিনি তার স্বামী আদনান উদ্দিন কামাল ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে সুখে সংসার করছেন। চলচ্চিত্র জগতের চাকচিক্য ছেড়ে এখন তার পুরোটা সময় কাটে সন্তান ও ঘরোয়া আবহে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















