নৌ প্রশিক্ষণ মহড়ার সময় সাগরের পানিতে ভেসে গিয়ে কাজাখস্তানের ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে যুদ্ধ প্রশিক্ষণের একটি মিশন পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ আবহাওয়ার অবনতি ও বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ার পর সেনারা সাগরে ভেসে যান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মোট ১৯ সেনা সাগরে ভেসে গিয়েছিলেন। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে।
বাকি সদস্যদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী। ঘটনায় কিভাবে সেনারা সাগরে ভেসে যান, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 

























