সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার আগে কূটনৈতিক মিশনের প্রধান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করেছে সরকার। সভায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও সাংবাদিকদের সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সাইবার নিরাপত্তা আইন কাঠামো শক্তিশালী করতে চায় সরকার।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও সরকারি সেবা ক্রমেই ডিজিটাল হচ্ছে। একই সঙ্গে বাড়ছে সাইবার হুমকির ব্যাপ্তি ও জটিলতা। অতীতে আইন প্রণয়নের কিছু প্রক্রিয়া নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেসব উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে যথাযথ ভারসাম্য প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অংশীদারদের মতামতও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল কিংবা অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে চায় না। যেসব বিষয় সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেভাবেই এগোনো হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন আইন প্রণয়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। প্রযুক্তির অপব্যবহার রোধে আইনের সংশোধন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নাগরিক অধিকার সুরক্ষার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইন প্রয়োগের অপব্যবহার ঠেকাতে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ প্রয়োজনীয় প্রতিকার ব্যবস্থা রয়েছে। এছাড়া মানবাধিকার কমিশনের স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ণ রাখতে কমিশনকে সংশ্লিষ্ট কমিটির বাইরে রাখা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা কেবল বাংলাদেশের একক কোনো বিষয় নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এআইনির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে কাজ করছে সরকার।
সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা খসড়া আইনের বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তারা বলেন, কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাও সম্ভব।
উন্নয়ন সহযোগীরা খসড়ায় সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধানসহ কয়েকটি ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেন। তবে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার পরামর্শ দেন তারা। মানহানির ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থার পরিবর্তে অ-ফৌজদারি প্রতিকারের বিষয়টিও বিবেচনার সুপারিশ করা হয়।
এছাড়া অনলাইন কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে সাংবাদিকতা করার ক্ষেত্রে আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রতিনিধিরা।
সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি আইনে সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়টি উঠে আসে।
সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া উপস্থাপন করেন। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















