বেশ কিছুদিন ধরেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছিল বিশ্বের লোকসংগীতাঙ্গনের আলোচিত শিল্পী রোমানিয়ান ওটিলিয়া ব্রুমার। কিন্তু তিনি কবে আসবেন- এ বিষয়ে এতদিন বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। এবার তারা জানিয়েছে, আগামী ২৭ নভেম্বর ঢাকার মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে অনুষ্ঠানটির তারিখ নিশ্চিত করেছে আয়োজকরা। পাশাপাশি জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্ট নিয়ে ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই অনুমতি পাওয়া যাবে। এরপরই অনলাইনে টিকিট বিক্রি উন্মুক্ত করা হবে।
এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে ঢাকার এই কনসার্টের প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টের পর থেকেই বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে তাঁকে ঘিরে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে ফিরছেন তিনি।ওটিলিয়া মূলত ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি অর্জন করেন। গানটি প্রকাশের পর বিভিন্ন দেশের শ্রোতার কাছে জনপ্রিয়তা পায় এবং এখনও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।
উল্লেখ্য, ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে চলতি মাসেই বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি সংগীত পরিবেশন করবেন ‘বিলিওনেরা’খ্যাত এই শিল্পী।

রিপোর্টারের নাম 

























