রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাইশা জান্নাত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান নূর বলেন, ভুক্তভোগী মাইশা জান্নাত কাজলা থেকে রিক্সা করে মুন্নুজান হলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে প্যারিস রোডের পশ্চিম দিকে নীল কালারের একটি পালসার বাইকে করে দুজন এসে রিক্সা থামায়। এসময় ব্যাগ নিয়ে তারা দ্রুত গতিতে ক্যাম্পাস ত্যাগ করে। ভুক্তভোগী মাইশা জান্নাত জানিয়েছেন, তার ব্যাগে মোবাইল, আইডি কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনাটি জেনেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি এরই মধ্যে অবহিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক: 
























