প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের আজ জন্মদিন। ১৯৭২ সালের এদিন জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর নাতনি।
সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। তিনি একজন স্বীকৃতিপ্রাপ্ত মনোবিজ্ঞানী। ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন সায়মা ওয়াজেদ।
২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ শুরু করেন সায়মা ওয়াজেদ। অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বব্যাপী প্রশংসা লাভ করে। ২০১৪ সালের সেপ্টেম্বরে পুতুলকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে ডব্লিউএইচও।
২০১১ সালে সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ। আগামী জানুয়ারিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের আনুষ্ঠানিকতা শেষে ফেব্রুয়ারিতেই সায়মা ওয়াজেদ যোগ দেবেন তাঁর নতুন দায়িত্বে। তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হচ্ছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























