রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ সময়টাতে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে।
আজ মঙ্গলবার সকালে রেলভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, যাত্রীবেশে উঠে ট্রেনে নাশকতা করেছে দুর্বৃত্তরা। এমন নাশকতা প্রতিহত করা কঠিন। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে।
রেলমন্ত্রী আরও বলেন, ‘যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারাই ট্রেনের নাশকতার সঙ্গে জড়িত। দুর্বৃত্তরা রেলকে আক্রমণের প্রধান হাতিয়ার বানিয়েছে। যে হুমকির মধ্যে ফেলা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ। আমরা নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























