যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রোববার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে বিমানটি বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানটি একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হয়েছিল।
বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে তীব্র মোড় নেয় এবং বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১২ জনের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
বেটস কাউন্টির শেরিফ শ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাটিকে বহুসংখ্যক হতাহতের দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।’ তিনি জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ‘প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০’ মডেলের। উড্ডয়নের সময়ই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো আকাশপথ নিয়ন্ত্রণসেবা দেওয়া হচ্ছিল না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন যে, বিমানের কোনো স্কাইডাইভার দুর্ঘটনার আগে লাফ দিয়েছিলেন কি না। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের স্বজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
কানসাস সিটি মহানগর এলাকার প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে। বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কার্যক্রমে তারা প্রয়োজনীয় সহায়তা দেবে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























