বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৈরি হয় জটিলতা। প্রেমিকের মৃত্যুর শোক পালনেরও সুযোগ পাননি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বরং তাকে ২৭ দিন কারাভোগ করতে হয়। মূলত, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) অভিযোগের কারণে দুর্বিষহ সময় কাটান এই অভিনেত্রী ও তার পরিবার।
সুশান্তের মৃত্যুর পর অর্ধ যুগ পেরিয়ে গেছে। এখনো কী সেই ট্রমা কাটাতে পেরেছেন রিয়া? নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির চ্যাট শোয়ে হাজির হয়ে এই প্রশ্নের মুখে পড়েন তিনি।
রিয়া চক্রবর্তী
রিয়া চক্রবর্তী বলেন, “এটা এমন কিছু নয়, যা আপনি সত্যিই কাটিয়ে উঠতে পারেন। এটা মানসিক আঘাত। এটা আপনার মনে না থাকলেও, আপনার শরীরে থেকে যায়। আপনি যা প্রত্যাশা করছেন, তারচেয়েও বেশি সময় সেরে উঠতে লাগে। আপনি থেরাপি নেন আর এর মোকাবিলা করেন।”
চ্যাট শোয়ে রিয়া তার ভাই শৌভিক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। শৌভিকের প্রেম-বিয়ে নিয়ে তার সঙ্গে কথা বলেন নেহা-অঙ্গদ। এরপর রিয়ার কাছে নেহা জানতে চান, একজন পুরুষের মধ্যে কি কি গুণ খোঁজেন। জবাবে রিয়া চক্রবর্তী বলেন, “এই মুহূর্তে আমার তেমন কোনো বিশেষ চাওয়া নেই। তবে জীবনের কোনো এক সময় ভালো একজন সঙ্গী থাকলে ভালো লাগবে। যদি একটি শব্দে বলতে হয়, তাহলে বলব—‘পরিণত’।”
রিয়া চক্রবর্তী
এরপর কথাবার্তা বিয়ের দিকে গড়ায়। নেহা জানতে চান, ভাই-বোনের মধ্যে আগে কে বিয়ে করবেন? জবাবে রিয়া চক্রবর্তী বলেন, “আমার মনে হয়, আগে ও-ই (শৌভিক) বিয়ে করবে। আমি ওর আগে বিয়ে করতে পারি না। ও আমার ছোট ভাই।” এ কথা শুনে শৌভিক মজার ছলে বলেন, “তোমার বিয়ে আগে দেব, তারপর আমি বিয়ে করব।”
সুশান্তের মৃত্যুর কারাভোগ করেন রিয়া চক্রবর্তী। জামিনে বের হওয়ার পর তার প্রেম জীবন নিয়েও চর্চা হয়েছে। গুঞ্জন চাউর হয়, ভারতীয় উদ্যোক্তা নিখিল কামাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। খুব শিগগির বিয়ের পিঁড়িতেও বসবেন এই যুগল! তবে নেহার সঙ্গে আলাপচারিতায় রিয়া জানান, তিনি এখন সিঙ্গেল।
২০২৪ সালের সেপ্টেম্বরে হিউম্যান অব বম্বেকে সাক্ষাৎকার দিয়েছেন রিয়া চক্রবর্তী। এ আলাপচারিতায় নিজের বিয়ের বিষয়ে রিয়া চক্রবর্তী বলেছিলেন, “এক্সেল শীটে বিয়ের সুবিধা ও অসুবিধার একটি তালিকা আমার কাছে আছে। সেখানে চল্লিশের ক্যাটাগরি (৪০ বছরে বিবাহিতরা) বিজয়ী। আমার বয়স ৩২ বছর। আমার মনে হয় না, বিয়ের জন্য আমি প্রস্তুত। কারণ পেশাগত জীবনে আমি আরো অনেক কিছু করতে চাই।”
ভাইয়ের সঙ্গে রিয়া চক্রবর্তী
২০১২ সালে তেলেগু সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রিয়া চক্রবর্তী। পরের বছরই ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। এরপর আরো বেশ কটি সিনেমায় অভিনয় করেন রিয়া। তাকে শেষ দেখা গেছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’ সিনেমায়। এটি ২০২১ সালে মুক্তি পায়।
সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন রিয়া। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন। খুব শিগগির ‘ফ্যামিলি বিজনেস’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—অনিল কাপুর, বিজয় ভার্মার মতো তারকারা। চলতি বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এটি মুক্তির কথা রয়েছে।
সুশান্ত-রিয়ার আনন্দঘন মুহূর্ত
বলে রাখা ভালো, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের মৃতদেহ। এ খবর প্রকাশ্যে আসার পর হতবাক হয়ে যায় তার ভক্ত-অনুরাগীরা। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। কারণ বান্দ্রার সেই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সুশান্ত ও রিয়া। কিন্তু সুশান্তর মৃত্যুর কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। ক্লোজার প্রতিবেদনও জানানো হয়েছে, ঘটনার দিন ফ্ল্যাটে ছিলেন না রিয়া। গত বছরের মাঝামাঝি সময়ে সুশান্তের মামলা থেকে রিয়া চক্রবর্তীকে ক্লিন চিট (নির্দোষ) দিয়েছে সিবিআই।
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

রিপোর্টারের নাম 
























