মিসরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর খেলোয়াড়দের মুখে যে হতাশা, কষ্ট আর আবেগের ছাপ ছিল, তা এখন অনেকটাই মিলিয়ে গেছে। আর্জেন্টিনা শিবিরে ফিরেছে স্বস্তি ও আত্মবিশ্বাসের পরিবেশ। বুধবারের উন্মুক্ত অনুশীলনেও সেটির প্রতিফলন দেখা গেছে। মূল একাদশের খেলোয়াড়দের হাস্যোজ্জ্বল ও নির্ভার দেখা যায়। এমন ইতিবাচক আবহেই সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করেছেন স্কালোনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, স্কালোনি মিসরের বিপক্ষে খেলা দলের ওপরই আস্থা রাখতে চান। যদিও দলটি প্রায় ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, তার দল পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এবং একাধিক পরিষ্কার গোলের সুযোগও তৈরি করেছিল। তাদের ব্যর্থতা ছিল মূলত সুযোগ কাজে লাগানো এবং কয়েকটি রক্ষণাত্মক ভুল।
সে কারণেই একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। কেবল ম্যাচভেদে স্বাভাবিক কিছু সমন্বয় হতে পারে। বর্তমানে সবচেয়ে বড় দুটি প্রশ্ন হলো—ডান প্রান্তে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল খেলবেন এবং আক্রমণে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ সুযোগ পাবেন। তবে শেষ মুহূর্তে চমকও থাকতে পারে।
সুইজারল্যান্ড ম্যাচের আগে বৃহস্পতিবার ও শুক্রবারের শেষ দুই অনুশীলনে স্কালোনি বিভিন্ন বিকল্প পরীক্ষা করে দেখবেন। এরপরই তিনি জাতীয় দলের এই দুটি বড় সংশয়ের সমাধান করবেন। শেষ ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এক বা দুটি পরিবর্তন আসতে পারে। তবে এর বেশি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, কারণ স্কালোনি সাধারণত ধারাবাহিকতা বজায় রাখতেই পছন্দ করেন।
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ অথবা লাউতারো মার্তিনেজ।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস

রিপোর্টারের নাম 
























