এশিয়ান গেমসের শুরুতেই বাংলাদেশ দলে ধাক্কা। অসুস্থতার কারণে আসর থেকে ছিটকে গেলেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় সংক্রমণের প্রমাণ পাওয়ায় আর এশিয়ান গেমসে খেলা হচ্ছে না তার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ দল। চার দিন ধরে জ্বরে ভুগছেন শান্ত। তার জ্বর তুলনামূলক কম মাত্রার হলেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ফলে এশিয়ান গেমসের ম্যাচে খেলার মতো অবস্থায় ফিরতে পারবেন না বলে জানিয়েছে দল
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, নাগোয়ায় পৌঁছানোর পর থেকেই শান্ত জ্বরে ভুগছে। ইতোমধ্যে চার দিন হয়ে গেছে, কিন্তু জ্বর এখনো পুরোপুরি সারেনি। এটি কম মাত্রার জ্বর হলেও এখানে করা পরীক্ষায় সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
অসুস্থতার কারণে শান্ত বর্তমানে বেশ দুর্বল বলেও জানিয়েছেন দলের ফিজিও। এ অবস্থায় এশিয়ান গেমসের কোনো ম্যাচে তার অংশ নেওয়ার সম্ভাবনা নেই।
বায়েজিদুল বলেন, সে স্বাভাবিকভাবেই বেশ দুর্বল। এশিয়ান গেমসে খেলার জন্য সময়মতো সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নাগোয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে শান্তর।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 
























